জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে মো. হোসেন (৪০) নামের এক ব্যক্তির ওপর হামলা, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হোসেনের পরিবারের অভিযোগ, মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে রুকনের সঙ্গে হোসেনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে রুকনের নেতৃত্বে একদল অস্ত্রধারী ব্যক্তি হোসেনের বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এ সময় হোসেনের পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। পরে হামলাকারীরা ঘরের দেয়ালে তিনটি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে লুটপাটেরও অভিযোগ করা হয়।
হোসেনের বোন ইয়াসমিন বলেন, হামলাকারীরা তার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িতে লুটপাট চালিয়েছে। পরে হোসেনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি অন্যান্য পুলিশ সদস্যকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গুলিবর্ষণের কোনো ঘটনা শুনতে পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
প্রতিনিধি/এসএস