Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটসংলগ্ন এলাকা থেকে শুভ দাস (নামটি পুলিশ সূত্রে শনাক্ত) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে হকার্স মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেটসংলগ্ন রাস্তার মাথায় খোকন সাহেবের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

তিনি জানান, প্রথমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।

প্রতিনিধি/এসএস