Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় ফুটবল ম্যাচে গোল নিয়ে সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে অবরোধ

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ এএম

কুমিল্লার দেবীদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশের আশ্বাস ও স্থানীয় মুরব্বিদের সহায়তায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার কালিকাপুর সমাজকল্যাণ যুব সংঘ আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শেষ দিকে ভিরাল্লা ও আলিয়াবাদ দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। একই দিন সন্ধ্যা সাতটা থেকে ভিরাল্লা এলাকায় মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল খেলায় প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ভিরাল্লা। পরে আলিয়াবাদ গোল করে খেলায় সমতা ফেরায়। এ সময় গোল করা নিয়ে ভিরাল্লার সমর্থক তুহিনের সঙ্গে আলিয়াবাদের সমর্থক জসিমের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

ভিরাল্লার সমর্থকদের অভিযোগ, আলিয়াবাদের সমর্থকেরা তাদের দুটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন আটকে রাখেন এবং একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করেন। এর পর ভিরাল্লার সমর্থকেরা এসে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেন।

cumilla_1

সংঘর্ষে আহত মো. শান্ত (২৮), মো. তুহিন (৩৭), মো. লিটন (২৫), মো. রাব্বি (২৭) ও মো. সাব্বির হোসেন (২৪) দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া আরও অন্তত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে টুর্নামেন্ট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দেবীদ্বারে দায়িত্ব পালনকারী ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস বলেন, ‘ডিআইজি সাহেব কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন। আমরা ফুলগাছতলা এলাকায় যানজট নিরসনে কাজ করছিলাম। পরে ভিরাল্লা এলাকায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের খবর পাই। সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। আরেক পক্ষও অভিযোগ দিতে আসছে বলে শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস