জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ এএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় সে। দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি আটক করলেও চালক পালিয়ে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ডম্বলপুর ক্যানেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজা আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। পেশায় টাইলস মিস্ত্রি মামুন কর্মসূত্রে পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকেন।
স্থানীয়রা জানান, মাহফুজা তার মায়ের সঙ্গে ডম্বলপুর গ্রামে নানা শের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে ক্যানেলের অপর পাশে সিন্নি খেতে যায়। সিন্নি খেয়ে ফেরার পথে সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত মাহফুজাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি ধাওয়া করে আটক করলেও চালক পালিয়ে যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস