জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বলে ধারণা করা একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
স্থানীয়রা জানায়, ডাঙ্গাপাড়া এলাকার আশির উদ্দিন শাহর একটি পুকুরে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যান স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল। এ সময় তানভিরের পায়ে পানির নিচে থাকা একটি ভারী বস্তু স্পর্শ করে। পরে তারা পানির নিচ থেকে বস্তুটি তুলে পুকুরপাড়ে আনেন। সেটি গ্রেনেড বুঝতে পেরে পলিথিনে মুড়িয়ে সেখানে রেখে সৈয়দপুর থানায় খবর দেন।
তারা বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টিকে খেলনা বলে গুরুত্ব দেননি। পরে তারা র্যাবকে বিষয়টি জানান।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল ৫টার দিকে র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২-এর একটি দল এসে গ্রেনেডটি উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।
র্যাব কর্মকর্তারা জানান, গ্রেনেডটি তাজা (সক্রিয়) হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে। সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এলএ