Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে সব বগি ফেলে ছুটল ইঞ্জিন, পৌনে এক ঘণ্টা পর ট্রেন চলা শুরু

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ময়মনসিংহে চলন্ত অবস্থায় ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর সুতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো আবার যুক্ত করে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সুতিয়াখালি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা ক-বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি পেছনের দিকে নিয়ে আসেন। পরে ট্রেনের কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন বগিগুলো আবার যুক্ত করেন। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ওসি আরও জানান, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ