জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
নওগাঁর নিয়ামতপুরে ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমিয়ে বিকল্প হিসেবে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, ‘ভূগর্ভস্থ পানির ব্যবহার যত কমানো যাবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় তা ততটাই ইতিবাচক ভূমিকা রাখবে।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইএসডিও আয়োজিত ‘অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে পরিবেশ রক্ষা সম্ভব নয়, সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং স্থানীয় উৎসগুলো সংরক্ষণ করতে হবে।’
পরিবেশ দূষণ ও মাইক্রোপ্লাস্টিকের হুমকি নিয়ে কথা বলতে গিয়ে তিনি যত্রতত্র প্লাস্টিক না ফেলা এবং বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার তাগিদ দেন।
ইটভাটার ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলেও জানান তিনি।
শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘উন্নয়ন ও পরিবেশ রক্ষার মধ্যে সমন্বয় করতে পরিবেশবান্ধব ব্লকের মতো বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহারে জোর দিচ্ছে সরকার।’
বরেন্দ্র অঞ্চলের পানির সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গ্রীষ্মকালের প্রচণ্ড খরা ও তাপপ্রবাহে পানির চাহিদা অনেক বেড়ে যায়। সুপেয় পানি সরবরাহ ও সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে কোনো জনপদকে পিছিয়ে রাখা হবে না।’
সভা শেষে প্রতিমন্ত্রী পানিহারা গ্রামের জাবঠাপাড়ায় একটি টেকসই জ্বালানি ও জলবায়ু সহনশীল বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন।
এসময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএম