জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
রাজশাহীর পবা উপজেলার কর্নহার থানার সামনে মশাল মিছিল করার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরএমপির কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- উপজেলার শিশাপাড়া গ্রামের নাজমুল হোসেন, সরিষাকুণ্ডি গ্রামের রানা ও জনি।
পুলিশ জানায়, ২৮ আগস্ট রাতে কর্ণহার থানা পুলিশের পক্ষ থেকে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই তরুণ সাদমান সাকিব নামে এক নেতার সমর্থক বলে জানান। তল্লাশির কারণে ক্ষুব্ধ হন তারা। এরপর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে নেতাকর্মী এনে সাদমান সাকিব থানার সামনে মশাল মিছিল করেন।
পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২৮ আগস্ট রাতে আসামিরা পুলিশের কাজে বাধা দিয়েছেন।
মশাল মিছিল করার পর থেকে মো. সাদমান সাকিব আত্মগোপনে রয়েছেন। তিনি নিজেকে ছাত্রদলের নেতা পরিচয়ে প্রভাব বিস্তারে চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তবে জেলা ছাত্রদলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সাদমান সাকিব ছাত্রদলের সাধারণ সদস্যও নন। এমনকি তিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ছাত্রদলের কোনো কর্মসূচিতে ছিলেন না। আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এসব বিতর্কিত কর্মকাণ্ডের কোনো দায় ছাত্রদল নেবে না বলেও জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতারা।
আরএমপির কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মধ্যরাতে পুলিশ আইন মোতাবেক তল্লাশি করছিল। এ সময় তারা পুলিশের সরকারি কাজে বাধা দেয়। তাই মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনজনকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ