জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে নোয়াখালীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে এবং শ্রী রাধা-গোকুলানন্দ গৌরহরি মন্দিরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী সদর উপজেলা ইসকন মন্দির থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সফল করতে ভক্তরা বিভিন্ন ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জেলা প্রশাসন ও ইসকনের বিভিন্ন পুরোহিতরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা ও মহোৎসব নিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ সমাজে শান্তি, সৌহার্দ্য এবং মানবপ্রেম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবছরের মতো এবারও নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা ধর্মীয় নানা স্লোগান ও কীর্তনের মাধ্যমে চারপাশ মুখরিত করে তোলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই শোভাযাত্রা সম্পন্ন হয়।
প্রতিনিধি/ এজে