Dhaka Mail Logo

সারাদেশ

শনিবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে আগামীকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভারতের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামোগত সমস্যা, বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও প্রশাসনিক জটিলতাসহ ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

জানা গেছে, বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতের হিলির ব্যবসায়ীরা। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ রাখা হয়। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। কর্মহীন হয়ে পড়েন বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট শত শত শ্রমিক।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল বলেন, বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকে হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বালুরঘাট সফরকালে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য সহজীকরণ এবং বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। পরে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকাশ মণ্ডল জানান, শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, শুক্রবার সকালে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ভারতের বালুরঘাটে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের বৈঠকের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজীকরণসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ভারতের ব্যবসায়ীদের ধর্মঘট যৌক্তিক ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা ও জটিলতার কারণে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য দিন দিন কমে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এতে উভয় দেশের ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়ছেন।

প্রতিনিধি/ এজে