জেলা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ এএম
ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবলের আঘাতে পলাশ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আউরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ হাওলাদার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঁঠালিয়ায় শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি একটি ফার্মেসি পরিচালনা করতেন।
নিহতের চাচা নান্না হাওলাদার জানান, কাঁঠালিয়া উপজেলার মনজু মল্লিকের মেয়ে লিজা আক্তারের সঙ্গে পলাশের বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে পলাশ কাঁঠালিয়ায় বসবাস করে আসছিলেন।
নান্না হাওলাদার বলেন, পারিবারিক কলহের একপর্যায়ে পলাশকে তার স্ত্রী শাবল দিয়ে আঘাত করেন বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাবল দিয়ে পলাশকে আঘাত করা হয়। পরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পলাশের স্ত্রী লিজা আক্তারকে হেফাজতে নেয়।
কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা বলেন, ‘ঘটনার পর পলাশের স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/ এজে