Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

ফরিদপুরের সড়কে দাঁড়িয়ে থাকা এক‌টি ট্রাকে পূর্বাশা পরিবহন নামে একটি বাস ধাক্কা দি‌লে মো. জুয়েল (২৮) নামে ওই বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপ‌জেলা সদ‌রের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জুয়েল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশসূ‌ত্রে জানা গে‌ছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি মধুখালী শাহ হাবিব দাখিল মাদরাসার সামনে পৌঁছালে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আবদুস সালাম বলেন, ট্রাকটির একটি চাকার টিউব ফে‌টে গে‌লে সেটি পরিবর্তনের জন্য চালক মহাসড়কের ওপর ট্রাকটি দাঁড় করান। ধাক্কা দেওয়া বাসের সুপারভাইজার জুয়েল ইঞ্জিন কভারের ওপর বসা অবস্থায় দুর্ঘটনা ঘট‌লে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

ওসি জানান, খবর পে‌য়ে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে