Dhaka Mail Logo

সারাদেশ

পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে: ডিআইজি আশিক

জেলা প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং পুলিশ আস্থা অর্জন করে সেই আস্থার জায়গায় ফিরে নেয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সর্বাঙ্গে সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা সদর থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পাবনার বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত গ্রহণ করেন তিনি।

ডিআইজি আশিক সাঈদ বলেন, একটি দেশের উন্নয়নের জন্য সবচেয়ে আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নয়ন না হয় তাহলে কোনো কিছুর উন্নয়ন সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে মাদক। আমরা যদি এসব নির্মূল করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এসব নির্মূলে পুলিশ বদ্ধপরিকর। আমরা যদি কোনো মাদক ব্যবসায়ী এবং গডফাদারকে ধরি তাহলে দয়া করে কেউ তদবির করতে আসবেন না।

তিনি বলেন, সরকার মাত্র ৬ মাস অতিবাহিত করছে। এই সময়ে সারের একটি সংকট আমরা শুনতে পাচ্ছি। কৃত্রিম সংকট যেন কেউ তৈরি করতে না পারে সে ব্যাপারে স্থানীয় বা প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যেন উচ্ছে করে সরকারকে বিপদে না ফেলি এবং আমরা যেন পুনরায় ফ্যাসিবাদের দিকে ফিরে না যায় সেই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

জেলা পুলিশ সুপার আবু আশরাফের সভাপতিত্বে সদর সার্কেল শরিফুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জহুরুল হক বিশু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিনিধি/ এজে