Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

স্থানীয়রা জানান, এরশাদ উল্লাহ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করা হয়। বুধবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

নিহতের ছেলে রেজাউল জানান, তার বাবা মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং তাকে খুঁজে আনতে হতো।

স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান, এরশাদ উল্লাহ কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এলএ