Dhaka Mail Logo

সারাদেশ

নবগঙ্গায় নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে নিখোঁজের তিন দিন পর হেলাল শেখ (৪৫) নামে সেই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়া উপজেলায় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের মধ্যে নোঙর করে রাখা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লেগে তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠলেও হেলাল স্রোতের টানে নিখোঁজ হন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এরপর মঙ্গলবার খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যপি নদীতে তল্লাশি চালালেও হেলালের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার সকালে আবালগাতী এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে স্বজনরা এসে সেটি হেলাল শেখের মরদেহ হিসেবে শনাক্ত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে