জেলা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (৩১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাব-৬ জানায়, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং মোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।

র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার আরিফুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস