Dhaka Mail Logo

সারাদেশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ৭ বছর পর যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাজী নুর আলম ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের (হিছাছড়া) বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পুলিশের ভাষ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কাজী নুর আলম। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মহিপালে সংঘটিত ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, তথ্যের ভিত্তিতে হিছাছড়া এলাকায় অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেফতার করা হয়। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে ২০১৭ সালের ২৮ অক্টোবর হামলার ঘটনা ঘটে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়া ও কুতুবপুর এলাকায় তার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া থানায় মামলা করেন। মামলায় ২৫১ জনকে আসামি করা হয়।

প্রতিনিধি/এসএস