Dhaka Mail Logo

সারাদেশ

ঢাকা-জামালপুর রুটে বাস চলাচল বন্ধ, বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে বাস না পেয়ে অনেক যাত্রী ফিরে গেছেন। কেউ বিকল্প যানবাহনের খোঁজ করছেন, আবার কেউ যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন।

বুধবার রাতে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে এর প্রভাব পড়তে শুরু করে। জামালপুর-ঢাকা রুটের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বাস চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া দাবি করা হচ্ছে বলেও তারা জানান।

1152ff5e-e52b-4706-b442-3da4422b4992

সকালে টার্মিনালে আসা ঢাকাগামী যাত্রী মো. হাফিজুর ইসলাম বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। টার্মিনালে এসে দেখি বাস চলবে না। এখন কীভাবে যাব, বুঝতে পারছি না। কোনো আগাম ঘোষণাও পাইনি। আগে থেকে জানানো হলে বিকল্প ব্যবস্থা করতে পারতাম।’

আরেক যাত্রী বলেন, ‘হঠাৎ করেই বাস বন্ধ। আমরা জানতাম না। আজ সকালে এসে জানতে পারলাম বাস বন্ধ। এখন কী করব? আর কিছুক্ষণ অপেক্ষা করি। যদি যেতে না পারি, তাহলে ফিরে যেতে হবে।’

টার্মিনালে অপেক্ষমাণ কয়েকজন যাত্রী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা থাকতেই পারে। তবে এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা বেশি বিপাকে পড়েছেন।

এর আগে, বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং চালক ও সহকারীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা দেয়।

24065c75-60f8-4bcd-a0d0-e1f3813aef00

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, ‘জামালপুরগামী ও ঢাকাগামী রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর এবং টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

তিনি বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিনিধি/এসএস