Dhaka Mail Logo

সারাদেশ

গুরুদাসপুরে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বিঘা জমি

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম

নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের নামে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উত্তোলিত বালু পাশের জমিতে স্তূপ করে রাখায় আশপাশের শতাধিক বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, তারা একাধিকবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি। রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন বলেও অভিযোগ তাদের।

63fe39c6-023e-4f63-8f11-a337a85bae04

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কৃষক কাদেরের ফসলি জমির মাঝখানে একটি বড় ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্ত করে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন ও সুমন আলীর নেতৃত্বে এই বালু উত্তোলন চলছে। উত্তোলিত বালু পাশের একটি জমিতে স্তূপ করে রাখা হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বালুর স্তূপের কারণে পাশের জমিগুলোতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বালু উত্তোলনের ফলে আশপাশের আবাদি জমি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

53e114de-2cc3-4dc0-a918-4bfd303b0d8c

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক বলেন, ‘ওরা খুব প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। চোখের সামনে আমাদের আবাদি জমি নষ্ট হওয়ার হুমকিতে পড়ছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছে না। এই বালুর কারণে পাশের জমিতে চাষ করাও মুশকিল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে আমাদের জমি পুকুরে ভেঙে যাবে।’

অভিযোগের বিষয়ে গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম বলেন, ‘এর আগে একবার অভিযান চালিয়ে আমরা বালু তোলা বন্ধ করে দিয়েছিলাম। যদি আবার বালু তোলা শুরু হয়ে থাকে, তাহলে দ্রুত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর বা ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। তাঁরা অভিযোগ পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস