Dhaka Mail Logo

সারাদেশ

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক কলেজের হিসাবরক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকার আসমা মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, সকালে সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদরাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস