জেলা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ এএম
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ ছায়েদুর রহমান। বয়স ৫৫ বছর।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হালিশহরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীরা জানান, প্রায় দুই বছর আগে ছায়েদুর রহমানের বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে তিনি সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন স্বাভাবিক ও হাসিখুশিই ছিলেন। ।
এর সন্ধ্যার পর ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তার স্ত্রী বাসায় ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে, তা তদন্তের পরই জানা যাবে।
তিন মেয়ের বাবা ছিলেন ছায়েদুর রহমান। বড় মেয়ে প্রকৌশলী, ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। তারা দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। কর্মরত আছেন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।
এএইচ