Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে ছাদ থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি জরাজীর্ণ বাড়ি থেকে এমদাদুল ইসলাম হাবিব নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অন্তত তিন-চার দিন আগে তার মৃত্যু হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বাংলা পাড়া এলাকার একটি বাড়ি থেকে হাবিবের মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত হাবিব ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি বাসচালক ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন। 

স্থানীয়রা জানান, গতকাল থেকে এলাকাটিতে দুর্গন্ধ বের হচ্ছিলো। এরপর এলাকাবাসী জঙ্গলঘেরা ঘরটির আশেপাশে খোঁজ করতে থাকেন। পরে ঘরের মধ্যে ছাদের সঙ্গে ঝুলে থাকা হাবিবের অর্ধগলিত লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে নিয়ে যান।  

এ বিষয়ে ওসি মোজাফফর জানান, একটি জঙ্গলের ভেতরে থাকা জরাজীর্ণ নির্মাণাধীন বাড়িটির ছাদ, দরজা-জানালা কিছুই নেই। বাড়িটির এক কোণায় হাবিব থাকতেন। সেখানে ছাদ বিমের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় বাসচালক হলেও হাবিব নেশাগ্রস্থ ছিলেন এবং একা বসবাস করতেন। নেশার কারণে বেশ কয়েক বছর আগে তার স্ত্রী চলে যান। 

প্রতিনিধি/এএইচ