Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৩

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

ময়মনসিংহ নগরীর আলালপুর এলাকায় দুটি বাসের সংঘর্ষে তিনজন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তিনজনের মধ্যে শুধু মো. আবদুর রাজ্জাক (৬০)-এর পরিচয় জানা গেছে। অপর দুজনের পুরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত হন দুই বাসের অন্তত ১০ যাত্রী।

মৃত বাসযাত্রীর নাম মো. আবদুর রাজ্জাক (৬০)। তিনি হালুয়াঘাট উপজেলার ধারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর উদ্যোগ নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মৃত অপর দুজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ