জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নুর ইসলাম। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
কারাগার সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলামের আইনজীবী শাহাদাত হোসেনের দাবি, আদালতের জামিন আদেশ থাকা সত্ত্বেও তাকে অন্যায্যভাবে কারাগারে আটকে রাখা হয়েছিল।
তিনি জানান, গত ৩১ আগস্ট আদালত থেকে নুর ইসলামের জামিন মঞ্জুর হয় এবং সেদিন বিকেলেই জামিনের লিখিত আদেশ কারাগারে পৌঁছায়। নিয়ম অনুযায়ী সেদিনই তার মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মিরসরাই থানা পুলিশ তাকে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করায় তাকে ছাড়া হয়নি। ওই আবেদনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য ছিল।
শাহাদাত হোসেন আরও বলেন, ‘নুর ইসলাম মারা যান, তখন তার বিরুদ্ধে কার্যকর কোনো আটকাদেশ বা মামলা ছিল না। জামিন পাওয়ার পরও আদেশ ছাড়া তাকে বন্দি রাখা হয়েছিল, যা বর্তমানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তিনি অনেকটা মানসিক চাপে মৃত্যুবরণ করেন।
রাজনীতির পাশাপাশি নুর ইসলাম স্থানীয় একটি হাসপাতালের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। গত ৩১ জুলাই সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছিল।
প্রতিনিধি/এএইচ