Dhaka Mail Logo

সারাদেশ

আপত্তিকর ভিডিও ভাইরালের পর বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনের আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তাকে দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মেহেদী হাসান মামুনকে বিএনপির সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মঠবাড়িয়া পৌরসভা বিএনপি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহেদী হাসান মামুনের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। 

এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামুনকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করতে পারবেন না। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা অভিযোগ ওঠায় সাংগঠনিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ ও বহিষ্কারের বিষয়ে মেহেদী হাসান মামুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রতিনিধি/এএইচ