জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ৬ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ভোলায় ১১ জন, পিরোজপুরে ২৫ জন, বরগুনায় ১২ জন, ঝালকাঠিতে ২৪ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে জেলা ও হাসপাতালভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১ হাজার ৮৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন পিরোজপুরে। এরপর ঝালকাঠিতে ১ হাজার ৬২২ জন, বরগুনায় ৯২১ জন, বরিশাল জেলায় ৭১২ জন, পটুয়াখালীতে ৬৬১ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১৮ জন, ভোলায় ৩৫৯ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৮ জন। এছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ৫৩ বছর বয়সী উত্তম ঘরামী। তিনি গত ৩১ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৩ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬ হাজার ৩৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/ এজে