উপজেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে বের হয়ে বাদীর পরিবারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজু হত্যা মামলার বাদী সালেহা বেগম, তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ ইউনিয়নের চর হোগলা গ্রামের আলোচিত রাজু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে জামিনে বের হয়ে মামলার বাদীর পরিবারের ওপর হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তারা।
অভিযোগ রয়েছে, হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত প্রধানসহ অন্যান্য আসামিরা জামিনে মুক্ত হয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে রাজুর মা ও বোনকে মারধর করা হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বাড়ির আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
রাজুর মা সালেহা বেগম বলেন, ছেলে হত্যার আসামিদের ভয়ে তিনি বর্তমানে স্বামী ও ছেলের স্ত্রীকে নিয়ে বাড়িছাড়া অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, সর্বশেষ তার মেয়েকে মারধর করে আহত করা হয়েছে এবং গ্রাম না ছাড়লে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
তিনি তার ছেলে রাজু হত্যার সুষ্ঠু বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
ভুক্তভোগী পরিবার বলছে, হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে যদি বাদীর পরিবারকেই নিরাপত্তাহীনতায় ফেলে, তাহলে তারা কোথায় যাবেন— এমন প্রশ্ন এখন তাদের।
রাজু হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রতিনিধি/ এজে