Dhaka Mail Logo

সারাদেশ

পর্তুগাল প্রবাসীর গাড়ি ভাড়া নিয়ে বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া থেকে এক পর্তুগাল প্রবাসীর একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে প্রতারণা করে মালিক সেজে ঢাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতারক উজ্জল মিয়াকে গ্রেফতারসহ মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। প্রযুক্তির সহায় গতকাল মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার প্রতারণার অপর একটি মামলায় উজ্জলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গাড়ি আত্মসাৎ মামলায় গ্রেফতার দেখানো হয়। উজ্জ্বল জেলা শহরের কাউতলি এলাকার জিল্লু মিয়ার ছেলে।

মাইক্রোবাস মালিক ও পর্তুগাল প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে একটি মাইক্রোবাস উজ্জ্বলের কাছে ভাড়া দেওয়া হয়। যার মধ্যে ৫২ হাজার টাকার ব্যাংক কিস্তি পরিশোধ এবং ভাড়া বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার শর্ত ছিল। প্রথম ২০ কিস্তি ব্যাংকের ঋণ পরিশোধ করলেও ভাড়া বাবাদ কোনো টাকা দেয়নি উজ্জল। গত ১১ মাস ধরে সে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে গাড়িটি আত্মসাৎ করে সে। এ ঘটনায় গত ২ আগস্ট ফাহমিদা হক বাদি হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ভাড়া নেওয়া গাড়ি ঢাকায় নিয়ে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে উজ্জল। পরে তার দেওয়া তথ্য মতেই গাড়িটি উদ্ধার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এজে