Dhaka Mail Logo

সারাদেশ

পটিয়ায় বিএনপির সাবেক এমপি নজরুলের বাসায় ফের চুরি

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

চট্টগ্রামের পটিয়ায় যেন চুরির মহোৎসব চলছে। এক সপ্তাহের ব্যবধানে এই উপজেলাতে চুরি হয়েছে তিনটি। এবার চুরি হলো বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বাড়ি। ১৫ দিনের ব্যবধানে একই বাড়িতে এটি দ্বিতীয় চুরির ঘটনা।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

চোরেরা এবার ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম, জামা-কাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে খবর, নজরুল ইসলামের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করেন। বাড়িটি দেখাশুনা করেন কেয়ারটেকার মো. লিটন। তিনি অসুস্থ থাকায় সম্প্রতি বাড়িটি দেখাশুনার দায়িত্ব নেন নজরুলের ভাগনে আজাদ। 

তবে মঙ্গলবার রাতে আজাদ ব্যক্তিগত কাজে বাড়িটিতে না থাকার সুযোগে চুরি করে চোরের দল। একই কায়দায় ১৫ দিন আগেও চুরি হয় বাড়িটিতে। 

এর আগে গত ২৬ আগস্ট উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

এসময় পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর বাবুল ভট্টাচার্য বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে এবং ঘরে থাকা নগদ সাড়ে ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর ৩০ আগস্ট পুলিশ পরিচয়ে উপজেলার কচুয়াইন ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও হার্ডডিস্ক নিয়ে যাওয়ারও ঘটনা ঘটে। 

চুরি ও ডাকাতির ঘটনার বিষয়ে জানতে পটিয়া থানার ওসি জিয়াউল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মনে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভও বাড়ছে পটিয়ার বাসিন্দাদের মনে।

প্রতিনিধি/এএইচ