Dhaka Mail Logo

সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইক চালকের

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার নাজিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।

আহতরা হলেন-বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইজিবাইক চালক শহিদুল ইসলাম। পথে নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এ দুর্ঘটনার পর ট্রাকটি পিছিয়ে নেওয়ার সময় ইজিবাইক চালক শহিদুল ইসলামের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একইসঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর তেলবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক অবরোধের পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে