Dhaka Mail Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় ‘অপপ্রচারের’ প্রতিবাদ, বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা নিয়ে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মানববন্ধনে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া দাবি করেন, গত ২৯ আগস্ট তেঁতুলিয়া উপজেলার টায়াগছ এলাকায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত মানববন্ধনে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ ও অপবাদ দেয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সুলতানা রাজিয়া বলেন, ঘটনার সময় তার ছেলে অসুস্থ থাকায় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরে ভুক্তভোগী শিশুর বাবা মুঠোফোনে তাকে ঘটনাটি জানালে তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

তার দাবি, শিশুটির বাবা থানায় গিয়ে গেলেও সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে তিনি জানতে পারেন, ভুক্তভোগী শিশুর বাবার সঙ্গে অপর পক্ষের সমঝোতা হয়েছে এবং এ বিষয়ে একটি আপসনামা থানায় জমা দেওয়া হয়েছে।

সুলতানা রাজিয়া আরও বলেন, এরপর ২৯ আগস্ট তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ ছড়িয়ে দেওয়া হয় এবং মানববন্ধনেও তাকে জড়িয়ে নানা অপবাদ দেওয়া হয়েছে। এসব অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তিনি নিজের বিরুদ্ধে চালানো অপপ্রচার ও মানহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের, ভাতিজা ও বিএনপি নেতা সাইদুর রহমান সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ