জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
পটুয়াখালীর গলাচিপায় খেতে কাজ করার সময় বজ্রাঘাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান দেওয়ান জানান, বুধবার সকালে নিজ খেতে ধানের বীজের পরিচর্যা ও চারা রোপণের কাজ করছিলেন তপন শিকারী। দুপুর ১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে এক কৃষক আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
প্রতিনিধি/ এজে