জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পিএম
নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের সই করা চিঠিতে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই মনির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মনির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিক নির্যাতন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মনির হোসেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসেবে যোগ দেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়।
প্রতিনিধি/এসএস