Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় পুকুরে বাস, আহত ১৫

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে.আর পরিবহনের বাসটি। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। সংঘর্ষের ধাক্কায় ট্রাকটিও সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

d94f305c-af1c-4e65-a5da-2ed6cf208a6c

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। সড়কের ওপর ট্রাকটি উল্টে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের অসতর্ক চলাচলের কারণে এ সংঘর্ষ ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস