জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মেহেদী হাসান ইয়াদ বলেন, দুই পরিবারের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে। সরকারি সহায়তার প্রয়োজন হলে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস