Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় বাসে তল্লাশি, এক হাজার ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

বরগুনা বাসস্ট্যান্ডে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অধিদফতরের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইব্রাহিমের ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ছত্তার বয়াতীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে ইব্রাহিমের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। মঙ্গলবার ইয়াবার চালান নিয়ে তিনি বরগুনায় আসছেন—এমন তথ্যের ভিত্তিতে বাসস্ট্যান্ডে অবস্থান নেন অধিদফতরের সদস্যরা।

বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছালে তল্লাশি চালিয়ে ইব্রাহিমকে শনাক্ত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় তার ব্যাগে থাকা একটি চিপসের প্যাকেট অস্বাভাবিক ভারী মনে হলে সেটি খুলে পাঁচটি ছোট প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেটগুলো থেকে এক হাজার ইয়াবা জব্দ করা হয়।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিম খলিলকে এক হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা এক ব্যক্তিকে ইয়াবাসহ থানায় নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে মামলা হবে। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রতিনিধি/এসএস