জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। বুধবার (২ সেপ্টেম্বর) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৩০ জন নারী ও ৭ জন শিশু—৬ জন ছেলে ও ১ জন মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী, ১১ জন পুরুষ ও ৬ জন শিশু—৪ জন ছেলে ও ২ জন মেয়ে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ১০ জন নারী, ৬ জন পুরুষ ও ৯ জন শিশু—৫ জন ছেলে ও ৪ জন মেয়ে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য ছয়জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা হাসপাতালে ৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ৬১৫ জনের। চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান বলেন, সম্প্রতি বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পর্যাপ্ত মজুত রয়েছে।
কিছুটা চিকিৎসক সংকট থাকলেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস