জেলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে থাকলে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবে। তবে সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘উন্নয়নের সঙ্গে থাকলে বাংলাদেশের উন্নতি হবে। ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবেন। সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।’
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক এই সম্পাদক বলেন, স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের লক্ষজনতা নির্যাতিত হয়েছিল এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাতে। গুম ও খুনের শিকার হয়েছে। তাদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।
খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত ও দেশের জন্য যুদ্ধ করেছে। অথচ, নতুন একটি দল রাস্তায় মাইক হাতে পেলেই আবলতাবল বলা শুরু করে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নিয়েও বাজে মন্তব্য করে।
‘বিএনপি রাতের ভোটে নির্বাচিত হয়নি। জণগণের বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে কথা বলছে বর্তমান সরকার।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/এমআর