Dhaka Mail Logo

সারাদেশ

বরগুনায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিয়ারা বেগম লেমুয়া এলাকার মৃত আজাহার পেদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুস সালামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে পিয়ারা বেগমের সঙ্গে আল আমিনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আল আমিন তাকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এতে পিয়ারা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। 

পরে পরিবারের সদস্যরা পিয়ারা বেগমকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বিকেল ৫টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের জেরে আল আমিন লাঠি দিয়ে পিয়ারা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ