জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের কয়েকদফা সংঘর্ষে থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত ও আহত হয। এরপর আহতদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়, পরে দুপক্ষকে সরিয়ে দিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনের সময় ওসি তদন্ত চোখের নিচে আঘাত পায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/ এজে