জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দাদি বুলি বেগম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে বিপদে দেখে দাদি বুলি বেগম তাদের বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
অপরদিকে- একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।
সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ক্লাসের বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলতে যায় তায়িব। পরে ছুটির পর বই আনতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন স্থানে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এজে