জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটির বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিকভাবে এটি কোনো বিদেশি নাগরিকের মরদেহ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বীপের দক্ষিণ প্রান্তের সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার জোয়ারের পানিতে দ্বীপের দক্ষিণ প্রান্তের সৈকতে মরদেহটি ভেসে আসে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি দ্রুত সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহের শরীরে শার্ট ও পরনে হাফপ্যান্ট ছিল। দীর্ঘসময় পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ বলছে, মরদেহটি কোনো বাংলাদেশি নাগরিকের নয়। তবে এটি বিদেশি নাগরিকের মরদেহ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে সন্ধ্যায় মরদেহটি টেকনাফ থানায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য এটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় তদন্তের পর মৃত্যুর কারণ এবং পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এএইচ