জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচুড়িয়া এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে পৌর পার্কের সমাবেশে যোগ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
বক্তব্যে ডা. কে. এম. বাবর বলেন, ‘গোপালগঞ্জের ৯৫ ভাগ মানুষ সরাসরি কোনো রাজনৈতিক দল করে না। তাই এ জেলার মানুষ ভোট দিয়ে তিনটি আসনই বিএনপিকে উপহার দিয়েছে।’
তিনি বলেন, গত ছয় মাসে গোপালগঞ্জে ট্রেন চালু, মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী দিনেও গোপালগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।
ডা. কে. এম. বাবর নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির পতাকাতলে এলে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদার হওয়ার সুযোগ থাকবে।
সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী খায়ের বক্তব্য দেন। এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএইচ