জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্ত্রীসহ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা, চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সহধর্মিণী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সঙ্গে ছিল।
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে রাষ্ট্রদূত কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি, প্রোডাকশন শপ ও জাদুঘরসহ বিভিন্ন শপ ঘুরে দেখেন। এ সময় তিনি কারখানার কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন। পরে তিনি সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মঙ্গলবার রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এর আগে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ এবং বালিয়াডাঙ্গী সীমান্তের সমতলের চা-বাগান পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। আজ মঙ্গলবার সকালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।
পরে সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তনগর মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর একটার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন তিনি। সেখান থেকে বিকেল তিনটার দিকে রেলপথে নীলসাগর এক্সপ্রেসের বিশেষ কোচে পার্বতীপুর থেকে সৈয়দপুরে আসেন।
সফরের প্রথম দিন গত রোববার সকাল ৯টা ১৫ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে সকাল ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন ডেইরি দুগ্ধ খামার পরিদর্শন করেন। পরে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টের চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে সুধী সমাবেশে মতবিনিময় করেন। পরে পঞ্চগড় রকস মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় কারখানার ডিএস শাহ সুফি নূর মোহাম্মদ, ডাব্লিউএম মমতাজুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এআর