Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বনভূমি পরিদর্শনে গিয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

তিনি জানান, বন বর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে পাহাড় থেকে ফিরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই বন কর্মকর্তা লুৎফর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ওই কর্মকর্তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মো. জাহিদুর রহমান।

বনবিভাগ সূত্র জানায়, সোমবার সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামের স্থানে পরিদর্শনে যান। পরিদর্শনের একপর্যায়ে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিস ও হাটহাজারী থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

প্রতিনিধি/এআরএম