জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়ার এক নেতা। সৌদি আরবে অবস্থানরত সাদ্দাম হাওলাদার সোমবার (৩১ আগস্ট) ফেসবুকে কাবা শরীফের সামনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে প্রত্যাহারের কথা জানান তিনি।
সাদ্দাম হাওলাদার বর্তমানে জিয়া সাইবার ফোর্সের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বলে তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে। গত সোমবার নিজের ফেসবুক আইডিতে কাবা শরীফের সামনে ধারণ করা ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওটির সঙ্গে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে রাজনীতি ছাড়ার কারণ ও নিজের অবস্থান তুলে ধরেন। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
স্ট্যাটাসে সাদ্দাম হাওলাদার দাবি করেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও জাতীয় উপ-নির্বাচন কমিটির সাবেক সদস্য, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী এবং দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে তিনি কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন।
রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। তবে বিএনপি বা দলের কোনো নেতার প্রতি তার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথাও উল্লেখ করেন সাদ্দাম হাওলাদার।
তিনি বলেন, সসম্মানে ও সজ্ঞানে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপর থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন।
পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রাজনৈতিক জীবনে জেনে বা না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান সাদ্দাম হাওলাদার। একই সঙ্গে রাজনীতির বাইরে থেকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তবে হঠাৎ করে তার এমন সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক বিরোধ, ক্ষোভ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সাদ্দাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সৌদি আরবে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সাদ্দাম হাওলাদার দীর্ঘদিন ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন।’
তিনি বলেন, ‘কারও সঙ্গে কোনো বিরোধ বা ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি লিখিতভাবে কোনো পদত্যাগপত্র না দিয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার বিষয়টিও খোঁজখবর নেওয়া হবে। এরপর বিস্তারিত বলা সম্ভব হবে।’
প্রতিনিধি/এসএস