জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দুই মোটরসাইকেল আরোহীকে সড়কের দুই পাশে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং স্বজনদের খবর দেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে বগুড়ায় নেওয়া হলে শজিমেকের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালে দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা বগুড়ায় পাঠান। পরে পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস