জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম
রাজশাহীতে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার হরিয়ান স্টেশনে এ ঘটনা ঘটে। এতে একই দিনে দ্বিতীয়বারের মতো সারাদেশের সাথে রাজশাহীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরপর রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে কিছুক্ষণ পরই পাবনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে ঢালারচর এক্সপ্রেস নামে একটি ট্রেন পবার হরিয়ান স্টেশনে লাইনচ্যুত হয়। একটি চাকার স্প্রিং খুলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। ফলে লাইনের ওপরই বিকল হয়ে যায় ট্রেনটি। এতে পুনরায় রাজশাহীর সাথে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন বলেন, ‘বগি মেরামতে ও অবস্থা স্বাভাবিক করতে কাজ চলমান রয়েছে। কীভাবে এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
প্রতিনিধি/এমআই