Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরবনে র‍্যাবের কাছে ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

সুন্দরবনের চারটি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬ জানায়, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর আটজন সদস্য রয়েছেন। চার বাহিনীর মোট ৫২ জন সদস্য আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দস্যু তৎপরতা কমিয়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ নিরাপদ করার পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে সুন্দরবন ভ্রমণের পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

র‍্যাব-৬ এর মিডিয়া উইং জানায়, আত্মসমর্পণের পাশাপাশি সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় দস্যুদের বিরুদ্ধে অভিযানও চলছে। সুন্দরবনে দস্যু তৎপরতা নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস