Dhaka Mail Logo

সারাদেশ

সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামের এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

জামিল হাসান শিষ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। গত ২২ আগস্ট থেকে তিনি বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। তার সিপাহী নম্বর ১১৪১০১।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টার মধ্যে কোনো এক সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে জামিল হাসান গলায় ফাঁস দেন। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে যান।

এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

এ বিষয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস